রাতে দেরি করে খাওয়া আজকাল অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অফিসের কাজের চাপ, মোবাইল স্ক্রলিং, ওটিটি দেখা কিংবা অনিয়মিত জীবনযাপনের কারণে রাত ১০টা বা ১১টার পর খাবার খাওয়াকে অনেকেই স্বাভাবিক বলে মনে করেন। তবে চিকিৎসাবিজ্ঞানের মতে, রাতে দেরিতে খাওয়া শরীরের জন্য নীরব বিপদ ডেকে আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শুধু ওজন বাড়ায় না, বরং পেটের মেদ, ডায়াবেটিস, হৃদরোগ ও হরমোনজনিত সমস্যার ঝুঁকিও বাড়িয়ে দেয়।
রাতে দেরিতে খাওয়া কেন ক্ষতিকর?
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ঝাঞ্জার জানিয়েছেন, পেটের চারপাশে জমে থাকা অতিরিক্ত চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার এবং হার্টের অসুখের সঙ্গে সরাসরি যুক্ত। রাতের খাবার যত দেরিতে ও ভারী হবে, পেটের মেদ তত দ্রুত বাড়ে।
রাতে শরীর স্বাভাবিকভাবেই বিশ্রামের প্রস্তুতি নেয়। এই সময় বিপাকীয় ক্রিয়া ধীর হয়ে যায়। ফলে ভারী খাবার শক্তিতে রূপান্তরিত না হয়ে চর্বি হিসেবে জমা হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে পেট, কোমর ও ঊরুর অংশে।
ডায়াবেটিস ও ঘুমের সমস্যা
রাতে দেরিতে খেলে ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
এছাড়া মেলাটোনিন হরমোনের নিঃসরণ ব্যাহত হয়। ফলে ঘুম গভীর হয় না, বারবার ভাঙে এবং পরদিন শরীর ক্লান্ত থাকে। খারাপ ঘুমের কারণে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পেটের চর্বি জমার অন্যতম কারণ।
হজমের সমস্যা
রাতে দেরিতে খাওয়া হজমের সমস্যা বাড়ায়। দেখা দিতে পারে—
• গ্যাস
• পেট ফাঁপা
• এসিডিটি
• বুক জ্বালা
দীর্ঘমেয়াদে এটি ফ্যাটি লিভার এবং অন্ত্রের কার্যকারিতা দুর্বল করতে পারে।
পেটের মেদ কমানোর পরামর্শ
চিকিৎসকদের মতে, রাতের খাবার খাওয়ার সেরা সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে। খাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত—স্যুপ, ভাপানো সবজি, অল্প দই, হালকা ডাল, সিদ্ধ ছোলা।
এড়িয়ে চলুন—ভারী ভাত, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, মিষ্টি, বিস্কুট, দুধ-চা। খাবার খাওয়ার সময় মোবাইল ব্যবহার না করাও জরুরি।
রাতের খাবারের পর হাঁটা
হৃদরোগ সংক্রান্ত সমস্যা না থাকলে রাতের খাবারের পর ১০–১৫ মিনিট হালকা হাঁটা উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হজমে সাহায্য করে এবং পেটের মেদ কমাতে সহায়ক।
সর্বশেষে, সঠিক সময়ে হালকা খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শারীরিক পরিশ্রমই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়। রাতের দেরিতে খাওয়ার অভ্যাস বদলালে খুব দ্রুতই ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে।











