বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির স্তরে তীব্র পরিবর্তন ঘটে। এই রোগে আক্রান্ত ব্যক্তি কখনো অতিরিক্ত আনন্দ বা উত্তেজনা (ম্যানিয়া) অনুভব করেন, আবার কখনো গভীর বিষণ্ণতায় (ডিপ্রেশন) ডুবে যান। সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রেখে সাধারণ জীবনযাপন করা সম্ভব।
বাইপোলার ডিসঅর্ডারের প্রধান দুই ধাপ হলো:
১. ম্যানিক পর্ব (অতিরিক্ত উত্তেজনা) – ব্যক্তি অস্বাভাবিক আনন্দ অনুভব করে, দ্রুত কথা বলে, ঘুমের প্রয়োজন কমে যায় এবং হঠকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন।
২. বিষণ্ণতাপর্ব (চরম হতাশা) – ব্যক্তি প্রচণ্ড বিষণ্ণ থাকে, কাজে উৎসাহ হারায়, ক্লান্তি অনুভব করে এবং ঘুমের অনিয়ম দেখা দেয়।
মেজাজ মাঝে মাঝে স্বাভাবিকও থাকে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ইউথাইমিয়া’ নামে পরিচিত।
বাইপোলার ডিসঅর্ডারের ধরন:
-
বাইপোলার ওয়ান: এক সপ্তাহ স্থায়ী তীব্র ম্যানিক পর্ব, প্রয়োজন হতে পারে হাসপাতালে ভর্তি।
-
বাইপোলার টু: বিষণ্ণতা বেশি, ম্যানিয়ার বদলে হাইপোম্যানিয়া দেখা দেয়।
-
সাইক্লোথাইমিক: দুই বছর ধরে মেজাজ ওঠানামা, তবে লক্ষণ তীব্র নয়।
কারণ ও ঝুঁকি:
বংশগতিজনিত কারণ, মস্তিষ্কের গঠনগত পরিবর্তন এবং অতিরিক্ত মানসিক চাপ। সাধারণত ২৫ বছর বয়সে লক্ষণ দেখা দেয়।
চিকিৎসা ও প্রতিকার:
-
ওষুধ: মেজাজ স্থিতিশীল রাখার জন্য মুড স্টেবিলাইজার বা অন্যান্য ওষুধ।
-
টক থেরাপি: কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে নেতিবাচক চিন্তা পরিবর্তন শেখানো।
-
জীবনযাত্রার পরিবর্তন: নিয়মিত ব্যায়াম, সময়মতো ঘুম, ধ্যান, এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা।
-
পরিবারের সহযোগিতা: প্রিয়জনদের মানসিক সমর্থন রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
মনে রাখা জরুরি, বাইপোলার ডিসঅর্ডার মানেই জীবন শেষ নয়। সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে রোগীও সাধারণ মানুষের মতো সফল ও সুন্দর জীবনযাপন করতে পারেন।











