স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শীঘ্রই দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের পাশাপাশি কর্মীদের নিয়মিত উপস্থিতি মনিটর করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে এবং প্রত্যেক নাগরিক হাসপাতালকে নিজের হিসেবে বিবেচনা করবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।
এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











