স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকবেন। তিনি জানান, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান উন্নত ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৮টায় তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মির্জা ফখরুল জানান, হাসপাতাল আগের চেয়ে অনেক পরিষ্কার এবং আমরা আশা করছি হাসপাতালকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে হাসপাতাল আরও উন্নত হবে।
পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।











