সকাল শুরু হোক কিংবা কাজের ফাঁকে একটু বিরতি—অনেকের কাছেই কফির কাপ যেন অপরিহার্য। তবে সেই কফিতে চিনি না থাকলে উপকার আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, চিনি ছাড়া বা ব্ল্যাক কফি শুধু স্বাদের অভ্যাস নয়, বরং স্বাস্থ্যের জন্য একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।
পরিমিত পরিমাণে কফি পান করলে শরীর ও মস্তিষ্ক দুটোরই উপকার হয়। তবে কফির সঙ্গে চিনি বা ক্রিম যোগ হলে ক্যালোরি বেড়ে যায় এবং উপকারের বদলে ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে। সে কারণেই এখন অনেকেই চিনি ছাড়া কফির দিকে ঝুঁকছেন।
বিশেষজ্ঞরা বলছেন, চিনি ছাড়া কফিতে থাকা ক্যাফেইন শরীরের মেটাবলিজম সক্রিয় করে, যা ক্যালোরি পোড়াতে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি এটি মনোযোগ ও সতর্কতা বাড়ায়, কাজে একাগ্রতা আনে এবং চিন্তাশক্তি উন্নত করে।
চিনি ছাড়া কফি অ্যান্টিঅক্সিডেন্টেরও একটি ভালো উৎস। এসব উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে। ব্যায়ামের আগে ব্ল্যাক কফি পান করলে শারীরিক শক্তি ও সহনশীলতা বাড়ে, তাও আবার বাড়তি ক্যালোরি ছাড়াই।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত চিনি ছাড়া কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত হয়। একই সঙ্গে এটি হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে এবং লিভারের স্বাস্থ্য রক্ষায়ও ভূমিকা রাখে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত কফি পান করলে অনিদ্রা, অস্থিরতা কিংবা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের শরীরের অবস্থা বিবেচনায় রেখে পরিমিত পরিমাণে কফি পান করাই সবচেয়ে ভালো। কোনো জটিল শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।











