সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলেট, স্যান্ডউইচ বা টোস্ট বহু বাড়িতেই নিয়মিত খাবার। বাজারে এখন সাদা পাউরুটি, ব্রাউন ব্রেড, মিল্ক ব্রেড, মাল্টিগ্রেইন ব্রেড—নানান বিকল্প পাওয়া যায়।
কিন্তু সব পাউরুটি কি সত্যিই স্বাস্থ্যকর? অনেকেই ওজন কমাতে বা সুস্থ থাকতে সাদা পাউরুটির পরিবর্তে ব্রাউন বা মাল্টিগ্রেইন বেছে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু নাম দেখে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। অনেক তথাকথিত ‘স্বাস্থ্যকর’ পাউরুটিতেও লুকিয়ে থাকে এমন উপাদান যা শরীরের জন্য মোটেও ভালো নয়।
মাল্টিগ্রেইন পাউরুটি
‘মাল্টিগ্রেইন’ শব্দ শুনলেই মনে হয় এতে নানা ধরনের শস্য আছে, তাই নিশ্চয়ই ভালো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাল্টিগ্রেইন মানেই যে তা গোটা শস্য দিয়ে তৈরি—এমন নয়। অনেক সময় এতে মূল উপাদান হিসেবে থাকে পরিশোধিত ময়দা, আর ওপরে সামান্য কিছু দানা বা শস্য যোগ করা হয় শুধু দেখানোর জন্য। এমনকি রুটি বাদামি দেখাতে ক্যারামেল রং বা গুড়জাতীয় চিনি ব্যবহার করা হয়। কেনার আগে অবশ্যই প্যাকেটের উপাদান তালিকা পড়া উচিত।
সাদা পাউরুটি
সাদা পাউরুটি তৈরি হয় পরিশোধিত ময়দা দিয়ে। এতে ফাইবারসহ বেশিরভাগ পুষ্টিগুণ প্রক্রিয়াজাতকরণের সময় নষ্ট হয়ে যায়। এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। পুষ্টিবিদদের ভাষায়, সাদা পাউরুটি মূলত ‘খালি ক্যালোরি’—পেট ভরায়, কিন্তু শরীরকে তেমন পুষ্টি দেয় না।
সাওয়ারডো
পাউরুটি খেতে ভালোবাসেন কিন্তু স্বাস্থ্য নিয়েও ভাবছেন? তাহলে সাওয়ারডো হতে পারে ভালো বিকল্প। এই পাউরুটি তৈরি হয় প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায়। এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এটি ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। যাদের পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা আছে, তাদের জন্য সাওয়ারডো তুলনামূলকভাবে সহজপাচ্য হতে পারে।
অঙ্কুরিত শস্যের পাউরুটি
অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি পাউরুটি পুষ্টিগুণে ভরপুর। শস্য অঙ্কুরিত হলে তার ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেড়ে যায় এবং শরীর সহজে তা শোষণ করতে পারে। এতে সাধারণ রুটির তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান বা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য এটি ভালো বিকল্প।
পাউরুটি কেনার সময় লক্ষণীয়
-
শতভাগ হোল গ্রেইন বা ১০০% হোল হুইট লেখা আছে কিনা দেখুন।
-
প্রতি স্লাইসে চিনি ২ গ্রামের কম কিনা দেখুন। অনেক ব্রেডেই অপ্রয়োজনীয় চিনি যোগ করা থাকে।
-
প্রতি স্লাইসে অন্তত ৩–৫ গ্রাম ফাইবার থাকা ভালো।
-
সবশেষে, সব পাউরুটি এক রকম নয়। শুধু রং বা নাম দেখে নয়, উপাদান দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিক পাউরুটি বেছে নেওয়া আপনার ওজন, রক্তে শর্করা এবং হজম—সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।











