বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরে বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাস দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
প্রধান অতিথি শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় আধুনিক এসি বাস নির্মাণ কেবল দুটি নতুন বাস সংযোজন নয়, বরং এটি সংস্থাটির সক্ষমতার প্রতীক। তিনি বলেন, সড়ক ব্যবস্থাপনায় বিদ্যমান বিশৃঙ্খলা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হলে শৃঙ্খলা ও সক্ষমতা—দুটোই বাড়াতে হবে।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় এই দুটি এসি বাস নির্মাণ একটি সূচনা মাত্র। সংস্থাটির সম্প্রসারণের সুযোগ অনেক এবং সরকার সংস্থাটিকে আরও সম্প্রসারিত করতে চায়।
সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয়; এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। গণপরিবহন ও পণ্য পরিবহনের পাশাপাশি নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান ও ওয়ার্কশপের মাধ্যমে বিআরটিসি একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছে।
বর্তমানে বিআরটিসির সদরদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) ব্যবহার করে সারা দেশের প্রতিটি রুটে চলাচলকারী বাস ও ট্রাক রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্থা প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বিআরটিসির পরিচালক অর্থ ও হিসাব ড. অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি ও প্রশিক্ষণ কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











