পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই বিষয়ে পোস্ট করে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
তাহেরী পোস্টে বলেন, “চাঁদা এক ধরনের জুলুম—হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর-জবরদস্তির ভিত্তিতে। আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে। আশা করছি, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন। জয় হোক মানবতার।”
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী রবিউল আলম বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটি চাঁদাবাজি নয়। এটি সমঝোতার ভিত্তিতে এবং কল্যাণমূলক উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি বলেন, চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়। সমঝোতার ভিত্তিতে নেওয়া অর্থ চাঁদাবাজি হিসাবে গণ্য হবে না।
দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, “মন্ত্রীর কথা নিরপেক্ষভাবে ভাবতে হবে। শ্রমিক সংগঠনগুলোর অনুদান কখনো চাঁদাবাজি হবে না। তবে পরিস্থিতি বিবেচনা করে আরো সাবধানে বক্তব্য দিলে ভালো হতো।”
তাহেরীর পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।











