কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) এলাকার তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. সালা উদ্দিন জানিয়েছেন, লাইনের গ্যাস লিকেজ হয়ে ঘর ভর্তি হয়ে যাওয়ার পর ভোর রাতে চুলায় আগুন ধরানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন—দাউদকান্দি গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার মনোয়ারা (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
দগ্ধরা দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জিয়াউল হকের শরীরের ৫৪%, উম্মে হুমায়রার ৬৫%, মনোয়ারা বেগমের ২% এবং শিশু হুররামের ৬% দগ্ধ হয়েছে। জিয়াউল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।
বাখরাবাদ গ্যাস স্টেশন গৌরীপুর অঞ্চলের ইনচার্জ প্রকৌশলী অম্লান কুমার দত্ত বলেন, অবৈধ সংযোগদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করে তারা যাদের নাম জানাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











