ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে যাবে।
ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছাবে আজ সন্ধ্যায়। ভোটগ্রহণ আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এই নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর গোলাপি ব্যালট হবে গণভোটের।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারোর নেই। কোথাও ছোটখাটো অপরাধ ঘটতে পারে, কিন্তু নির্বাচনে বাধা দিতে পারবে না।
আইজিপি আরও বলেন, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬,০০০টি ভোটকেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।











