চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা সীমান্তসংলগ্ন একটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, নির্বাচন সামনে রেখে দুষ্কৃতকারীরা যেন দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গুলি পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, সম্প্রতি সারাদেশে বিজিবির অভিযানে ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে একজন আসামিসহ ৯ দশমিক ৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।











