কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতের এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়।
আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত গাড়িতে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগে পাতলা কম্বল দিয়ে ঢাকা রাখা ১ হাজার টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে যান।
ইউএনও আব্দুল রহমান জানান, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তিনি টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েননি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।











