শিশু-কিশোরদের সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়ে তুলতে সিরাজগঞ্জের তাড়াশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
তাড়াশ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। পরে হাতে-কলমে দেখানো হয় কীভাবে সঠিকভাবে হাত ধুতে হয়—বিশেষ করে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে।
বয়ঃসন্ধিকালীন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিশোরীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ব্যবহার এবং কোনো শারীরিক সমস্যায় লজ্জা না পেয়ে অভিভাবক বা শিক্ষকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, ভিটামিন, প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার—যেমন শাকসবজি, ডাল, ডিম, দুধ ও ফলমূল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে খোলা পরিবেশে তৈরি অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি মো. শামীউল হক শামীম বলেন, পরিচ্ছন্নতার মধ্যেই সুস্থতা নিহিত। সচেতন মানুষই নিজের পরিবার, বিদ্যালয় ও সমাজকে পরিচ্ছন্ন রাখতে পারে।
সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক মৃণাল সরকার মিলু, শিক্ষক মো. নজরুল ইসলাম ও উত্তম কুমার, সাংবাদিক সাব্বির মির্জা, অঙ্কন সরকার এবং উপদেষ্টা ও কালের কণ্ঠের সাংবাদিক সনাতন দাশসহ অন্যান্যরা।
শেষে শিক্ষার্থীরা নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণের অঙ্গীকার করে।











