সকালে ঘুম থেকে উঠেই বমি ভাব বা বমি পাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই সাধারণ। অনেকেই মনে করেন, না খেয়ে থাকার কারণে হয়তো এমন হচ্ছে, আবার কেউ এটিকে হালকা গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু নিয়মিত সকালে বমি পাওয়ার সমস্যা শরীরের ভেতরের কোনো অস্বস্তির ইঙ্গিতও হতে পারে।
চিকিৎসকদের মতে, সকালে বমি পাওয়ার পেছনে একাধিক শারীরিক কারণ থাকতে পারে।
১. খালি পেটে অতিরিক্ত এসিড: রাতভর না খেয়ে থাকার কারণে পাকস্থলী খালি থাকে, তবে এসিড নিঃসরণ বন্ধ হয় না। খালি পেটে অতিরিক্ত এসিড জমে গেলে ঘুম থেকে ওঠার পর বমি ভাব, বুক জ্বালা বা বমি অনুভূতি দেখা দেয়। বিশেষ করে যাদের এসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই উপসর্গ বেশি দেখা যায়।
২. ডিহাইড্রেশন: রাতে দীর্ঘক্ষণ পানি না খাওয়া, বা আগের দিন কম পানি খাওয়া বা অতিরিক্ত চা-কফি পান করলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। এতে মাথা ঘোরা, দুর্বল লাগা এবং বমি ভাব দেখা দেয়।
৩. হরমোনাল পরিবর্তন: গর্ভাবস্থার প্রথম দিকে অনেক নারীর মর্নিং সিকনেস হয়। এছাড়া থাইরয়েড সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতাও সকালের বমি ভাবের কারণ হতে পারে।
৪. ঘুম ও মানসিক চাপ: দেরিতে ঘুমানো, অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত স্লিপ সাইকেল বা দীর্ঘদিন মানসিক চাপ ও উদ্বেগের কারণে হজম ও স্নায়ুতন্ত্র ঠিকভাবে কাজ না করলে সকালে বমি ভাব দেখা দিতে পারে।
সহজ সমাধান:
-
ঘুম থেকে উঠে প্রথমেই অল্প উষ্ণ পানি পান করুন।
-
খালি পেটে খুব ঝাল বা ভারী খাবার না খেয়ে হালকা কিছু দিয়ে দিন শুরু করুন।
-
রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাবার খেয়ে নিন এবং তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
-
পর্যাপ্ত পানি পান করুন।











