সুন্দরভাবে অজু করে একটি বিশেষ দোয়া পাঠ করলে জান্নাতের আট দরজা খুলে দেওয়া হবে—এমন সুসংবাদ দিয়েছেন রাসুল (সা.)।
পবিত্রতা ও পরিচ্ছন্নতা মুসলিম জীবনের অন্যতম বৈশিষ্ট্য। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের পূর্বশর্ত হলো অজু। সুন্দরভাবে অজু করার পর একটি নির্দিষ্ট দোয়া পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার সুসংবাদ দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
অজুর পর যে দোয়াটি পাঠ করতে হয়, তা হলো—
আরবি:
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
উচ্চারণ:
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিন, ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন।
অর্থ:
আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
হজরত ওমর বিন খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,
‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, অতঃপর এই দোয়া পাঠ করবে—তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেকোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করতে পারবে।’
(সহিহ মুসলিম: ২৩৪, তিরমিজি: ৫৫)











