বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে এসেছে আফগানিস্তানের কাবুল। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে কাবুলের বায়ুর মান ২৪৩ স্কোর, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
ঢাকার অবস্থান দ্বিতীয়, যেখানে বায়ুর মান ২২৩ স্কোরে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২২১ স্কোর), চতুর্থ ও পঞ্চম অবস্থানে বাহরাইনের মানামা ও ভারতের দিল্লি (২০১ স্কোর) অবস্থান করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর ভালো, ৫১–১০০ স্কোর মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা জানান, দূষিত বায়ু শ্বাসকষ্ট, ফুসফুস সংক্রান্ত সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। শীতকালীন ধোঁয়া, যানবাহন ও শিল্পকারখানার নির্গমন এসব শহরের বায়ুদূষণকে আরও তীব্র করেছে।











