যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকা এবং তালতলা রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। অভিযানে সহায়তা করে অভয়নগর থানা পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখ (২৮) গাঁজা সেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হয়েছেন।
এ ছাড়া মহাকাল গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩০) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আজাদ বিশ্বাস (২৯) গাঁজা সেবন ও বহনের দায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানায় দণ্ডিত হন।
অন্যদিকে, জাফরপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্যার ছেলে সুমন মোল্যা (৩৮) ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানায় দণ্ডিত হয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে গুয়াখোলা এলাকায় অভিযান চালানো হয়। পরে নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকা এবং গভীর রাতে তালতলা রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।











