জার্মানিতে যৌনকর্ম সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি নতুন করে জোরদার হয়েছে। সরকার এখন সুইডেন ও নরওয়ের অনুসৃত মডেল বিবেচনা করছে—যেখানে যৌনসেবা বিক্রি বৈধ থাকলেও ক্রয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
বুন্ডেস্টাগের সদস্য জুলিয়া ক্লোকনার বলেছেন, “জার্মানি ইউরোপের বরদেল হয়ে উঠেছে। বর্তমান আইন যৌনকর্মীদের প্রকৃত সুরক্ষা দিতে ব্যর্থ।” তিনি যৌনসেবা কেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান।
বর্তমানে জার্মানিতে ২০০২ সালের আইন অনুযায়ী যৌনকর্ম বৈধ। দেশে আনুমানিক ৩২ হাজারের বেশি নিবন্ধিত যৌনকর্মী রয়েছেন, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। অনেক মানবাধিকার সংস্থা বলছে, এই বৈধতা মানব পাচার ও জোরপূর্বক যৌনশ্রমের ঝুঁকি বাড়িয়েছে।
সুইডেন ও নরওয়ের মতো দেশগুলোতে এই মডেল চালু রয়েছে, যেখানে যৌনসেবা বিক্রেতাদের বদলে ক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি যৌনকর্মীদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়।
তবে এই মডেল নিয়ে জার্মান সমাজে বিতর্ক দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এমন আইন কার্যকর হলে যৌনকর্মীরা আরও গোপনে কাজ করতে বাধ্য হবেন, যা তাঁদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
জার্মান সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে সংসদ ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এগোচ্ছে।











