ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন জানিয়েছেন, বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত।
তিনি বলেন, “আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য।”
শুক্রবার সকালে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। ধাপে ধাপে এগিয়ে যাব। জনবান্ধব সরকার হতে চাই। টাঙ্গাইলেও প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়ে ভাবা হচ্ছে।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











