তথ্যগত ভুলের কারণে স্কুল ও কলেজের এমপিওভুক্ত যেসব শিক্ষকের উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের দ্রুত বিল সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালু হওয়ার পর অনেক শিক্ষকের তথ্য ভুল থাকায় ঈদ ও বাংলা নববর্ষের উৎসবভাতা আটকে যায়। এসব শিক্ষকের জন্য বর্তমানে ইএফটি সিস্টেমে বিল সাবমিট অপশন পুনরায় চালু করা হয়েছে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষকের উৎসবভাতা এখনো পরিশোধ হয়নি, তাদের দ্রুত সংশ্লিষ্ট বকেয়া বিল অনলাইনে সাবমিট করতে হবে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সময়মতো বিল জমা না দিলে ভবিষ্যতে অর্থ পরিশোধে আরও জটিলতা সৃষ্টি হতে পারে।
এ ছাড়া ইএফটি চালুর পর তথ্যগত ত্রুটির কারণে যেসব শিক্ষকের এক বা একাধিক মাসের বেতন বকেয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও মাসভিত্তিক বকেয়া বিল আলাদাভাবে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিল যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাউশি সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা উৎসবভাতা ও বেতন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হবে এবং এমপিওভুক্ত শিক্ষকরা তাদের প্রাপ্য অর্থ পেতে শুরু করবেন।











