পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী মঞ্জুরুল ইসলাম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। মাত্র ২০ টাকার বিনিময়ে তিনি শিক্ষার্থীদের কাছে ১০ আইটেমের ইফতারি বিক্রি করছেন।
ইফতারির মধ্যে রয়েছে একটি ডিম, দুই পিস খেজুর, এক পিস আপেল, এক পিস পেয়ারা, একটি কলা, এক পিস জিলাপি, ছোলা, এক পিস বেগুনি, আলুর চপ এবং একটি স্যালাইন প্যাকেট। মঞ্জুরুলের উদ্যোগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীরা দুটি সারিতে ভাগ হয়ে ইফতারি নিতে শুরু করেন। শিক্ষার্থীরা বলছেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প মূল্যে ইফতারি পাওয়া স্বস্তিদায়ক।
ইংরেজি বিভাগের ছাত্র ইশরাফুল পারভেজ বলেন, ‘এখানে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবার পাচ্ছে। ক্যাম্পাসে এমন উদ্যোগ দেখে আমি আনন্দিত।’
সমাজকর্ম বিভাগের ছাত্রী আয়েশা রহমান বলেন, ‘এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মানবিক এবং প্রশংসনীয়।’
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আগামী দিনে সুযোগ পেলে আরও অনেক মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের জন্য করতে চাই। আমরা শুরুতে স্বল্প মূল্যে সাহরি বিতরণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে স্বল্প মূল্যে ইফতারি বিতরণের সিদ্ধান্ত নিই এবং ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি।’











