পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা জারি করা হলেও টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ছুটির বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কালিহাতি উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালু রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিভিন্ন মহল থেকে উপজেলা শিক্ষা অফিসের নজরে এলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সতর্ক করা হয় এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে, সরকারি ছুটির সময়সীমা নিশ্চিত করা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এ নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান খোলা রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।











