রাজবাড়ীর পাংশা রেলস্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই দিন পরও শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পাংশা রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে শিশুটি নিচে পড়ে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিচয় শনাক্তের চেষ্টা চললেও এখনো শিশুটির নাম জানা যায়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি রেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করবে।











