সাতক্ষীরায় মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তেঁতুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) এবং তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে মৎস্য ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো ক্ষেত রক্ষার জন্য আগে থেকেই সেখানে বৈদ্যুতিক তার সংযুক্ত করা ছিল। ওই টমেটো ক্ষেতটি মনিরুল ইসলামের তত্ত্বাবধানে ছিল বলে জানা গেছে।
তেঁতুলডাঙা গ্রামের আবু মুছার ছেলে আবু সাঈদ জানান, শনিবার সকালে মনিরুল ইসলাম ঘেরের বেড়িবাঁধে টমেটো তুলছিলেন। একপর্যায়ে পা পিছলে তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তিনি চিৎকার দিলে পাশের ঘের থেকে আব্দুর রহমান সবুজ তাকে উদ্ধার করতে ছুটে আসেন। কিন্তু উদ্ধার করতে গিয়ে তিনিও একই তারে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি বুঝে আবু সাঈদ বাঁশ দিয়ে বৈদ্যুতিক তারে আঘাত করে তাদের আলাদা করার চেষ্টা করেন। তবে ততক্ষণে দুজনই গুরুতর আহত হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান সবুজের মা মমতাজ বেগম এবং মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।











