ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন মোট চার দিনের টানা ছুটি।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে ১১ ও ১২ ফেব্রুয়ারির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা চার দিন ছুটি ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি দেওয়া হয়েছে।











