গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক ক্লাব ও পাশের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর তালতলা এলাকার প্রেস ক্লাব রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে টঙ্গী সাংবাদিক ক্লাব ভবন ও পাশের একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাংবাদিক ক্লাবে থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং গুদামে সংরক্ষিত পাট ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, তালতলা সড়কে সাংবাদিক ক্লাব ও একটি গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।











