মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্লাগস্ট্যান্ড উদ্বোধন ও পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আনসার একাডেমি চত্বরে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে সকাল ১১টায় নবনির্মিত ১৫০ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করা হয় এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন এবং উপস্থিত কর্মকর্তারা সম্মান জানান।
আয়োজকরা জানান, বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি, দেশপ্রেম জাগ্রত করা এবং সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই ফ্লাগস্ট্যান্ড স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা আরও জানান, এখানে উত্তোলিত পতাকা সার্বক্ষণিকভাবে উড়বে।
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং উপমহাপরিচালক ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











