পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরদার পাড়া গ্রামে দীর্ঘ এক দশক ধরে মানসিক ভারসাম্যহীন নুর আলম শিকলে বাঁধা জীবন কাটাচ্ছেন। চিকিৎসার অভাব, দারিদ্র্য ও সামাজিক অবহেলার কারণে তার পরিবার চরম সংকটের মধ্য দিয়ে দিন পার করছে। এই মানবিক পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (২৪ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘের সদস্যরা নুর আলমের বাড়িতে গিয়ে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান, গুঁড়ো দুধ, আলু, বিভিন্ন কাঁচাবাজারের সামগ্রী ও একটি মুরগি প্রদান করা হয়।
এর আগেও নুর আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছিল বসুন্ধরা শুভসংঘ। পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে নুর আলমের এক মেয়েকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও একটি সেলাই মেশিন দেওয়া হয়, যাতে সে পরিবারের দায়িত্ব নিতে পারে।
বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, “আমরা নুর আলমের চিকিৎসার বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করছি, তিনি দ্রুত সুচিকিৎসার আওতায় আসবেন। মানবিক কাজের ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ সবসময় অগ্রভাগে থাকতে চায়।”
শাখার সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, “সমাজে অনেক অসহায় পরিবার রয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সক্রিয় সদস্য শাকিল আহমেদ, রবিউল ইসলাম রতন, সারোয়ার সোহাগ, আরিফুল ইসলাম, বাবু এবং সাংবাদিক মিজানুর রহমান।
মানসিক রোগে আক্রান্ত নুর আলম এখনো শিকলে বন্দি থাকলেও, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তার পরিবার ও আশপাশের মানুষের মাঝে সহানুভূতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে।











