কুমিল্লার দেবিদ্বার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘মাটিখেকোরা থানা-পুলিশকে জানিয়ে মাটি কাটে, পুলিশও সমঝোতার মাধ্যমে বিষয়টি সহায়তা করছে।’’
তিনি বলেন, মাটি কাটার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো কাউকে আটক করা হয় না, জরিমানাও তারা ‘ইনভেস্টমেন্ট’ হিসেবে ধরে নেয়।
হাসনাত আরও বলেন, ‘‘আমি গত রাতে গোমতী নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছি। মাটি কাটার খবর আগেই তাদের পৌঁছে যায়। কাল কেউ মাটি কাটার সাহস করেনি।’’ তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং স্পষ্ট করেছেন, দেবিদ্বারের যে পাঁচটি স্পট থেকে মাটি কাটা হয়, সেগুলোতে যেন আর কোনো মাটি কাটার ঘটনা না ঘটে।
এছাড়া তিনি বলেছেন, ‘‘যদি এক কোদাল মাটি কাটার ঘটনা ঘটে, আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে মনে হবে পুলিশ প্রশ্রয় দিচ্ছে।’’ তিনি পুলিশের দৃশ্যমান ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সভায় তিনি দেবিদ্বার নিউ মার্কেটের স্থানান্তরের কথাও উল্লেখ করেন। রাস্তার পাশে রোড ডিভাইডারে দোকান-পাট বসানো হয়, যা যানজটের সৃষ্টি করছে। তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে স্থানান্তরের ব্যবস্থা করবেন।











