সাভারে বায়ুদূষণ সৃষ্টিকারী অবৈধ সিসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫টি অবৈধ পাইরোলাইসিস কারখানা ভাঙচুর করা হয়। একই সঙ্গে একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভাঙচুর করা কারখানাগুলোর মধ্যে রয়েছে—মোহাম্মদ সেলিমের টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস এবং ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস কারখানা।
এ ছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার ‘সিলিকন ব্যাটারি লিমিটেড’ নামের একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়ুদূষণকারী অবৈধ সিসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
দিনব্যাপী এ এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও র্যাব-৪-এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করে।











