কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে তিনটি ইউনিটের পাসের হার ৫৬.৩০ শতাংশ। পরীক্ষার্থীরা রাত ১০টার পর থেকে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ৩১,২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭,২০৩ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫৫.০৮%), সর্বোচ্চ নাম্বার ৮৫.২৫। ‘বি’ ইউনিটে ২৯,৩৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬,০৯৮ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫৪.৭৬%), সর্বোচ্চ নাম্বার ৮৬.২৫। ‘সি’ ইউনিটে ১০,৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,৬৪৮ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৬৪.৩৩%), সর্বোচ্চ নাম্বার ৮৮।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে সাবজেক্ট চয়েজ দিতে হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে পাওয়া যাবে।











