মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একটি জলাশয়ে একটি গ্রেনেড পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, শনিবার (২৪ জানুয়ারি) মিন্নত আলী নামে এক ব্যক্তি নোয়াগাঁও গ্রামের একটি জলাশয়ের পাড়ে ঘাস কাটতে গিয়ে প্রায় শুকনো জলাশয়ের ভেতরে একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। পরে বিষয়টি তিনি স্থানীয় আনসার কমান্ডার নেছার আহমদকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে একটি তাজা গ্রেনেড হিসেবে শনাক্ত করে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং লোকজনকে দূরে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।
স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, গ্রেনেডটি পুরোনো হওয়ায় এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট বাহিনীর তদন্ত ও পরীক্ষা শেষে জানা যাবে।











