ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে তিন বছর মেয়াদি ফাজিল (পাস) পরীক্ষা–২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ মিলিয়ে মোট ৯৩ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলরের হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল উপহার দেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো. গিয়াস উদ্দীনসহ পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর তিন বর্ষে মোট ১ লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হন। ফলাফল স্থগিত রয়েছে ৩০৯ জন পরীক্ষার্থীর।
বর্ষভিত্তিক পাসের হার অনুযায়ী, প্রথম বর্ষে পাসের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৬ দশমিক ৪২ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৭১ শতাংশ। উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রবিবার থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা সম্ভব হবে। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে, তাদের আলাদা করে আবেদন করতে হবে না; আগামী ৪৫ দিনের মধ্যেই ওই ফলাফল প্রকাশ করা হবে।











