পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা সদরে এই দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি এই উদ্যোগের আওতায় সাধারণ মানুষ বাজারমূল্যের তুলনায় কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। নির্ধারিত মূল্যে ৩২ টাকায় সর্বোচ্চ দুই হালি ডিম, ৭৫ টাকায় ১ লিটার গরুর দুধ, ৮৫ টাকায় ১ কেজি ছোলাবুট এবং ২৩ টাকায় ১ কেজি আলু বিক্রি করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি অফিস বাজারমূল্যের তুলনায় কম দামে এসব পণ্য দোকানিকে সরবরাহ করছে। উপজেলা সদরের মুদি ব্যবসায়ী আইয়ুব আলী দোকানটি পরিচালনা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসজুড়ে সাধারণ মানুষের জন্য কম মূল্যে ছোলা, ডিম, আলু ও দুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই দোকানে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য সংযোজন করা হবে।
সরকারের এই উদ্যোগের ফলে রমজান মাসে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ সহজ হবে বলে আশা করা হচ্ছে।











