ফকিরহাটে চুরি করতে এসে এক গৃহিণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা—মরদেহ উদ্ধার, মামলা ও তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাটে এক বাড়িতে চুরি করতে এসে মোমেনা বেগম (৪২) নামে এক গৃহিণীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম স্থানীয় ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী এবং ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের মেঝ ভাবী। ঘটনার রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে ঘরের ভেতরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহিদুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডল ও কানের নিচে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, কিল-ঘুসির আঘাতের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। চোরকে চিনে ফেলায় গৃহিণীকে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী জানান, ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি এবং এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।











