দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। এক দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী—
২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা,
২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা,
১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং
সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ৮ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ধরা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।











