রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটি ইলিশের ওজন দুই কেজি ১০০ গ্রাম, অপরটির ওজন এক কেজি ৯০০ গ্রাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই দুটি ইলিশ বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দে পদ্মার পানির স্তর ও স্রোত কমে যাওয়ায় জাল ধরলেও ইলিশ ধরা পড়ার সংখ্যা কমে গেছে।
বিক্রি প্রসঙ্গে শাজাহান শেখ জানান, ভোর ৫টার দিকে উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় জেলের জালে ধরা দুটি বড় ইলিশ তিনি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছেন। পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জ জেলা শহরের এক ইতালিপ্রবাসী ব্যক্তির কাছে এই দুই ইলিশ মোট ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।











