ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রাষ্ট্রপতি বরাবর উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার আবেদনও করেন।
রবিবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদনপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত অবহিত করেন এবং দেশের শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী এই ক্রান্তিকালে ঢাবির সার্বিক উন্নয়নে উপাচার্যের অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানান এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে উপাচার্য পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি নির্বাচনের আগে পদত্যাগ না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ধারাবাহিকতা রক্ষার জন্য সময় দিয়েছেন। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয় ছিল সংকটাপন্ন অবস্থায়। সেই সময় একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করা ও প্রশাসনিক কাঠামো স্থিতিশীল করা তার প্রধান লক্ষ্য ছিল।











