ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান মারা গেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিসে বাংলাদেশ সময় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
তার স্ত্রী নুশরাত তাশমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। তাদের এক ছেলে রয়েছে।
সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, তার মরদেহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার মরদেহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট চত্বরে রাখা হবে।
ওইদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।











