টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা জোরদার করা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এবং ক্লিন-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি, নারী নেত্রী এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নিয়ে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন এবং সরাসরি অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া সৌরবিদ্যুৎ প্রযুক্তির প্রসারে সরকারি নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-রাঙামাটির সদস্য কবি শিশির চাকমা, কবি আনন্দ জ্যোতি চাকমা, টিআইবির জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক নুকু চাকমা, সদস্য কবি মুকুল কান্তি ত্রিপুরা, সদস্য প্রকৌশলী গঙ্গা বিজয় চাকমা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ খাতে ব্যয়বহুল এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর বিপরীতে রুফটপ সৌরবিদ্যুৎ একটি পরিচ্ছন্ন, সহজলভ্য এবং কম ব্যয়বহুল সমাধান হলেও এটি এখনো নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তারা বলেন, ইউনিয়ন পরিষদ ভবন, বিদ্যালয়, হাসপাতাল এবং গ্রামীণ বাজারগুলোর অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে স্থানীয় পর্যায় থেকেই একটি বড় জ্বালানি বিপ্লব শুরু করা সম্ভব হবে এবং দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।











