মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বড়লেখার নাটিটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্ত পিলার ১৩৮০/এম-এর কাছ থেকে একটি ভারতীয় পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।











