দেশের প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির খবর।
জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এর ফলে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হতে শুরু করবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারি মাসের বেতনের জিও রবিবার অথবা সোমবার জারি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী রবিবারই আদেশ জারি হওয়ায় সোমবার থেকে বেতন পরিশোধ প্রক্রিয়া শুরু হচ্ছে।
জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। এরপর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতনের অর্থ ছাড় দেওয়া হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত অনুমোদনের পর তা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।
সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এতে বেতন প্রদানের প্রক্রিয়া আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হয়েছে।











