শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা ভাষা বিকৃত হচ্ছে এবং বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। তিনি বলেন, ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলা আমাদের মাতৃভাষা এবং প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। তবে এর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, সেটিও এখন ভাবার বিষয়।
তিনি বলেন, দেশের মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে ইংরেজি বা বাংলা কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, চিন্তা, জ্ঞান বিতরণ ও অনুভব সবকিছুর শুরু মাতৃভাষা দিয়ে। বিদেশে ইংরেজিতে কথা বলা হলেও মনের ভেতর অনেকে বাংলাতেই ভাবেন।
তিনি সতর্ক করেন, পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে, সেগুলোর সংরক্ষণ জরুরি। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।
শিক্ষামন্ত্রী পাঠ্যক্রম প্রসঙ্গে বলেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বর এবং ইংরেজিতেও ২০০ নম্বর, যা শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করতে ভাষার মর্যাদা রক্ষা জরুরি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।











