তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা জাগ্রত করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণমালা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার কাফরুলে ভাষা আন্দোলনের চেতনাকে শিশুদের হৃদয়ে ধারণ করানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
প্রতিযোগিতায় বর্ণমালা লেখা, সঠিক উচ্চারণ, শুদ্ধ বানান এবং উপস্থাপনার বিভিন্ন ধাপে শিশুরা অংশ নেয়। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী শিশুদের ভাষাগত দক্ষতা, মনোযোগ ও সৃজনশীলতার প্রকাশ ঘটে। আয়োজকদের মতে, ছোট বয়স থেকেই বর্ণমালার সঠিক চর্চা শিশুদের ভাষা শেখার ভিত্তি শক্ত করে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও চেতনার প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত মাতৃভাষার অধিকারকে সম্মান জানাতে হলে শিশু বয়স থেকেই ভাষা শিক্ষায় মনোযোগী করে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের মধ্যে বাংলা ভাষা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমন বাস্তবতায় বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণমালা প্রতিযোগিতা শিশুদের মাঝে বাংলা ভাষার প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা দেশব্যাপী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভাষার মাস উপলক্ষে বর্ণমালা প্রতিযোগিতার মাধ্যমে তারা শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে সচেষ্ট।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি ভাষা চর্চায় ইতিবাচক প্রভাব ফেলে।











