দেশে আশঙ্কাজনক হারে বিবাহবিচ্ছেদের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এর কারণ ও প্রতিকার নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজ এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি মো. শাহ আলম রাঢ়ী।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া। এ ছাড়া বক্তব্য দেন সহ-অধ্যাপক মো. আকরাম উদ্দিন খান, মো. বাবুল খান, কেএম রেজাউল ফেরদৌস রুশো, শিক্ষার্থী ফাতেমা খানম, ঝর্না খানম, নাদিয়া খানম, সৌরভ খান, নিপা খান, আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. সাইফুল মৃধা, সাংবাদিক মো. মাহমুদ মোল্লা, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি, সহ-সভাপতি আইনজীবী সমীরন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, অর্থ সম্পাদক আমির হামজা, সদস্য নিলীমা কর, শান্তা হালদার, জিলিয়ান বিশ্বাসসহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে দেশে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ১৪ জন বিবাহবিচ্ছেদ করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে বরিশাল বিভাগে এ হার তুলনামূলক বেশি এবং বিচ্ছেদের ক্ষেত্রে নারীরা এগিয়ে রয়েছেন।
বক্তারা বিবাহবিচ্ছেদের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও শিক্ষা বৃদ্ধি, পারিবারিক অসহিষ্ণুতা, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, পরকীয়া সম্পর্ক, মাদকাসক্তি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে সহজেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়ায় পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে বলেও মত দেন তারা।
এ ছাড়াও যৌতুক, বাল্যবিবাহ, বহু বিবাহ, যৌন রোগ, শারীরিক অক্ষমতা, গোপন বিয়ে, পারিবারিক কলহ, শাশুড়ি-বউয়ের দ্বন্দ্ব, স্বামীর ভাই-বোনের সঙ্গে সংঘাত ও মিথ্যা অপবাদ সংসারে অশান্তির অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়।
বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, সবাই চায় তার বিবাহিত জীবন সুখী হোক। কিন্তু শারীরিক অক্ষমতা, যৌন ব্যাধি, যৌতুক, বাল্যবিবাহ, বহু বিবাহ ও মাদকাসক্তির মতো বিষয়গুলো উপেক্ষা করায় সংসার ভেঙে যাচ্ছে। এসব বিষয় লজ্জার নয় বা গোপন করার নয়।
তিনি আরও বলেন, যৌতুকের কারণে নারীরা প্রায়ই নির্যাতনের শিকার হন এবং বাল্যবিবাহের ফলে অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে স্বপ্নের মিল না হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নিতে হয়।
সভায় বক্তারা বিবাহবিচ্ছেদ এড়াতে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বোঝাপড়া, সামাজিক মূল্যবোধ, শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার গুরুত্বের ওপর জোর দেন।











