কুমিল্লার লালমাই উপজেলার প্রতিবন্ধী যুবক জাবেদ ওমরের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। পারিবারিক অস্বচ্ছলতা ও প্রতিবন্ধকতার মধ্যেও তার ধর্মীয় অনুরাগকে সম্মান জানিয়ে পবিত্র রমজান উপলক্ষে তাকে ‘রমজান উপহার’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সদস্যরা জাবেদ ওমরের বাড়িতে গিয়ে এ উপহার পৌঁছে দেন।
জাবেদ ওমর (২১) কৃষি শ্রমিক জাফর আহমেদের বড় ছেলে। জন্মগতভাবে তিনি শারীরিক ও বাক প্রতিবন্ধী। ছোটবেলায় দীর্ঘদিন হামাগুড়ি দিয়ে চলাফেরা করলেও পরবর্তীতে নামাজের প্রতি গভীর আগ্রহ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে যাওয়া শুরু করেন। গত ১১ বছর ধরে তিনি নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করছেন।
উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি প্রদীপ মজুমদার, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না, সহসভাপতি মাছুম বিল্লাহ মুহাজির, ফরহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল ও সদস্য মো. সৈকত।
জাবেদ ওমরের বাবা জাফর আহমেদ বলেন, চার সন্তানের মধ্যে জাবেদ বড়। পরিবারের খাওয়া-দাওয়া চালাতেই কষ্ট হয়। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারেননি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানের কেনাকাটাও করা সম্ভব হয়নি। এ অবস্থায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে রমজানের উপহার পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দন্তসেবা, নারী স্বাস্থ্যসেবা এবং অসহায় পরিবারে খাদ্য সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।
বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না বলেন, রমজানের শুরুতেই জাবেদ ওমরের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











