ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চণ্ডীপাশা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রব্বানী (১৫) প্রাইভেট পড়া শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। তিনি গাঙাইল ইউনিয়নের দরিল্লাহ গ্রামের আবুল হাশেমের ছেলে। এ সময় নান্দাইলের ডাংরি এলাকায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। পেছনের বাসটি সামনের বাসটিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ইজিবাইকচালক সোহাগ মিয়া গুরুতর আহত হয়ে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন, যার মধ্যে শিক্ষার্থী রব্বানীর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে চণ্ডীপাশা এলাকার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।











