রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাসায় মেহেদী হাসান মিল্টন (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের চাচা নান্নু মল্লিক জানান, মিল্টন একটি মিষ্টির দোকানে কাজ করত। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা পরিবারের কাছে অজানা।
মিল্টন শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানাধীন মহিষার গ্রামের আবু সাঈদ মল্লিকের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের বসিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হাজারীবাগ থানার এসআই মহিদুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে বসিলার একটি বাসা থেকে মিল্টনকে উদ্ধার করা হয়। নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।











