ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় মো. আরমান নামের এক ট্রাক চালককে আটক করা হয়, অন্য তিন ট্রাকের চালক পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ইলিশা ফাঁড়ির পুলিশ লক্ষ্মীপুরগামী বেগম রোকেয়া ও কুসুমকলি ফেরি থেকে ট্রাকগুলো জব্দ করে। আটক চালক মো. আরমান জানিয়েছেন, ভোলার খেয়াঘাটের বাফার গুদাম থেকে চারটি ট্রাকে সার বোঝাই করা হয়েছিল।
ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আলম বলেন, বিসিআইসি গুদাম থেকে সার কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে পাচার হচ্ছিল। ট্রাকগুলো ফেরি থেকে নামিয়ে ফাঁড়িতে রাখা হয়েছে এবং আটক চালকের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











