যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান।
আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। পেশায় তিনি দিনমজুর এবং খুলনা জেলার জেলখানা ঘাট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
ভুক্তভোগী শিশুর ফুফু জানিয়েছেন, সোমবার সকালে শিশুটি বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী নজরুল গাজীর দ্বারা ধর্ষিত হওয়ার বিষয়টি জানায়। পরে শিশুকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে বিষয়টি নিশ্চিত হয়।
নজরুলকে ক্লিনিকে আসতে বলা হলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুটি জানায়, ধর্ষণের পর তাকে হত্যা হুমকি দেওয়া হয়েছিল, তাই সে ভয়ে কাউকে কিছু জানায়নি।
অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের রাতে শিশুর সঙ্গে ঘুমিয়ে ভুলক্রমে এই কাজ করেছেন। তিনি বলেছেন, ‘ভুল করে ওই সময় এই কাজ করেছিলাম, আমাকে ক্ষমা করে দেন’।
অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজীকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’











